ঘটনা গত বছর ওয়ানডে বিশ্বকাপের সময়কার। কয়েকটি গণমাধ্যমে খবর বেরোয়, নাসুম আহমেদকে নাকি চড় মেরেছেন তখনকার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। খবর ছড়িয়ে পড়তেই হতবাক হয়ে পড়ে সবাই। একজন ক্রিকেটারের গায়ে হাত তোলা কীভাবে সম্ভব! অবশেষে প্রায় ১০ মাস পর এই ঘটনাতেই চাকরি চলে যায় হাথুরুসিংহের।
সম্প্রতি নাসুমকে চড় মারা ও চুক্তিভঙ্গের অভিযোগে হাথুরুকে বরখাস্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ। অবশ্য তিনি দায়িত্ব গ্রহণের আগেই বলেছিলেন, হাথুরুকে সরাবেন। তবে বোর্ডের কারণ দর্শানো নোটিশের জবাবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পাঁচ মাস বাকি থাকতে বরখাস্ত হওয়া লঙ্কান কোচ।
এবার জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও এক বিস্ময় উপহার দিলেন। সেই বিশ্বকাপে তিনি দলে থাকলেও দাবি করলেন, এ ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। আজ রবিবার মিরপুরে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আমি এই ব্যাপারে আসলে জানিই না। সত্যি বললাম, আমি জানি না।’
ভবিষ্যতের এরকম ঘটনার পুনরাবৃত্তি হলে অধিনায়ক হিসেবে ভূমিকা কেমন থাকবে, এই প্রসঙ্গ এড়িয়ে শান্ত আরও বলেন, ‘(সামনে এমন আর) ঘটবে না।’
নাসুমকে চড় মারার এই ঘটনা তদন্ত করেছিল সাবেক সভাপতি নাজমুল হোসেনের বোর্ডও। সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। সাংবাদিকদের সামনেও তারা প্রতিবার এই প্রসঙ্গ এড়িয়ে গেছেন। প্রায় এক বছর পর এই ঘটনা সামনে আনা ফারুক আহমেদের সঙ্গে হাথুরুর পুরনো দ্বন্দ্বের খবর তো কারও অজানা নয়। অন্যদিকে হাথুরুও আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতল নিউজিল্যান্ড
সাকিব তার অবসর নিয়ে গেম খেলেছে: মোহাম্মদ আশরাফুল
স্ট্যাটাস দিলেই যেহেতু সব হয়, প্রতিদিন একটা করে স্ট্যাটাস দিব: শান্ত