জয়পুরহাটে হত্যা মামলায় বাবা-ছেলে, দুই ভাইসহ ১৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে দুই বছরের কারাদন্ড দেওয়া হয়। গতকাল রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।
দন্ডিতরা হলেন জেলার ক্ষেতলাল উপজেলার আমুনিয়াপাড়া গ্রামের মৃত আশরাফ আলী মন্ডলের ছেলে আজিজার রহমান, সাহেব আলীর ছেলে শাহাদুল ইসলাম, সাইদুল ইসলাম, মৃত শুকুর আলীর ছেলে মোজাম, মোসলেম, মোসলেমের ছেলে আমিনুর, আশমত উল্যাহর ছেলে আবুল কাশেম, মৃত সফাত উল্যাহর ছেলে আশমত, মৃত সোলাইমানের ছেলে সেকেন্দার, সেকেন্দারের ছেলে শাহীন মোল্লা, ইয়াকুব আলীর ছেলে আকরাম আলী, মৃত আফরাফ আলীর স্ত্রী জিন্নাহ ও মৃত মেহের আলী মন্ডলের ছেলে আব্দুস ছাত্তার। তাদের মধ্যে আজিজার, আবুল কাশেম ও আকরাম পলাতক।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৯ জুন আমুনিয়াপাড়ার মনসুর আলী ফকিরের একটি গরুর বাছুর প্রতিবেশী মোজামের বাড়িতে গেলে মোজাম বাছুরটিকে মারধর করেন। মনসুর বাছুরটিকে মারধরের কারণ জানতে চাইলে আসামিরা উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মনসুর ও তার ছেলে ফিরোজকে মারধর করেন। মারধরে আহত বাবা-ছেলেকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ফিরোজ মারা যান।
এ ঘটনায় ১৩ জুন নিহতের বাবা থানায় মামলা করলে আদালত গতকাল এ রায় দেয়।