লাকীসহ সাতজনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার স্ত্রী হোসনে আরা বেগম, সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম, তার স্ত্রী নাদিরা সুলতানা মুক্তি, শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী লাকী, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও নোমান গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গতকাল রবিবার দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন মঞ্জুর করেন।

দুদকের সহকারী পরিচালক জাফর সাদেক শিবলী, সহকারী পরিচালক মো. সহিদুর রহমান ও সহকারী পরিচালক আফনান জান্নাত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন।

সাবেক মন্ত্রী নুরুজ্জামানের আবেদনে বলা হয়েছে, নুরুজ্জামানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, সরকারি অনুদানের টাকা হাতিয়ে নেওয়া, করোনাকালে ভুয়া প্রশিক্ষণ বিল উত্তোলন, ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর কালিদাসের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বর্তমানে অনুসন্ধান চলছে। সাবেক এমপি ইকবালুরের আবেদনে বলা হয়েছে, ইকবালুর রহিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধান কার্যক্রম চলমান।