বিনামূল্যে সার বীজ সরবরাহের দাবি বিএনপির

দেশব্যাপী বন্যার পানিতে যাদের জমির ফসল বিনষ্ট হয়ে গেছে, তাদের সঠিক তালিকা প্রণয়ন করে আগামী ফসল না ওঠা পর্যন্ত কৃষকদের সর্বাত্মক ত্রাণ সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটির পক্ষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আগামী ফসলের জন্য সুদমুক্ত কৃষি ঋণ প্রদান ও বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, সেচের তেলের ব্যবস্থা করা। বন্যার পানিতে যেসব মৎস্য, হাঁস-মুরগি, গবাদি পশুর খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সঠিক তালিকা ও ক্ষয়ক্ষতি নিরূপণ করে আবার খামার প্রতিষ্ঠার জন্য তাদের সুদমুক্ত ঋণসহ অন্যান্য সহায়তা দেওয়ার দাবি জানাই।’

গতকাল রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের কাছে রিজভী এই দাবি তুলে ধরেন।

বিএনপির পক্ষে রিজভী আরও বলেন, ‘বন্যার পানিতে যাদের বাড়িঘর আংশিক ও পূর্ণাঙ্গ ধ্বংস হয়েছে, তাদের তালিকা তৈরি করে ঘরবাড়ি পুনর্নির্মাণে সহায়তা দিতে হবে। নদীর বাঁধ ভেঙে যেসব গ্রাম-মহল্লা বিলীন হয়েছে, সেসব স্থানে বসবাসকারীরা বর্তমানে উদ্বাস্তু হয়ে গেছে, তাদের সরকারি খাসজমিতে কিংবা আশ্রয়ণ প্রকল্পে স্থানান্তরিত করা জরুরি। যে ছাত্রছাত্রীদের শিক্ষাসামগ্রী বিনষ্ট হয়েছে, তাদের সরকারি উদ্যোগে শিক্ষাসামগ্রী ও সহায়তা দেওয়া দরকার। সরকারি হাসপাতালে বিনামূল্যে সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রয়োজনে এলাকাভিত্তিক মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা দেওয়া উচিত।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, এমরান সালেহ প্রিন্স, শরীফুল আলম প্রমুখ।