আল্লু অর্জুনের ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ঘিরে অপেক্ষার পারদ তুঙ্গে। পরিচালক চাইছেন না কোনো কমতি রাখতে। যার দরুণ খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন। এরমধ্যেই নতুন খবর, এই ছবিতে এক বলিউড নায়িকার আবির্ভাব হবে।
‘পুষ্পা’র প্রথম কিস্তিতে আল্লু অর্জুনের সঙ্গে রাশমিকা মান্দানার রোমান্স আর সামান্থা রুথ প্রভুর আইটেম নাচ দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। বিশেষ করে ‘ওও আন্তাভা’ আইটেম গানের সঙ্গে সামান্থার নৃত্য মুগ্ধ করেছিল অগণিত দর্শককে। ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিতে এমনই এক আইটেম নাচ রাখছেন নির্মাতারা।
তবে ছবির পরিচালক সুকুমার চাইছেন ‘পুষ্পা ১’-এর থেকে আরও বড় আকারে আইটেম গানটি করতে। ‘পুষ্পা ২’-র আইটেম গানে আল্লুর সঙ্গে কোন নায়িকাকে দেখা যাবে, তা নিয়ে অনেক দিন ধরেই নানান জল্পনাকল্পনা চলছে।
এই আইটেম গানের জন্য সামান্থার পরিবর্তে অন্য কোনো নায়িকার সন্ধানে ছিলেন নির্মাতারা। দিশা পাটানি, তৃপ্তি দিমরিসহ আরও অনেক রূপসীর নাম ‘পুষ্পা ২’-র আইটেম গানের সঙ্গে উঠে এসেছে।
নতুন খবর অনুযায়ী, এই আইটেম গানে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুরকে।
শোনা যাচ্ছে, এই জুটিকে একসঙ্গে এনে চমক দিতে চলেছেন নির্মাতারা। ‘স্ত্রী ২’ ছবির পর শ্রদ্ধার জনপ্রিয়তা হু হু করে বেড়ে গেছে। অনেকের মতে, ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্বের এই চূড়ান্ত সফলতার পেছনে আছে শ্রদ্ধার জনপ্রিয়তা। ইনস্টাগ্রামে এই বলিউড নায়িকার অনুসারীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যার নিরিখে ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে আছেন শ্রদ্ধা।
‘স্ত্রী ২’ মুক্তির পর এই দৌড়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টপকে গেছেন। তাই নির্মাতারা মনে করছেন ‘পুষ্পা ২’-তে শ্রদ্ধার আবির্ভাবে বক্স অফিসে তার প্রভাব পড়তে পারে।
শোনা গিয়েছিল, ‘ওও আন্তাভা’ গানের সঙ্গে আইটেমে নাচের জন্য সামান্থা নিয়েছিলেন পাঁচ কোটি। ‘পুষ্পা ২’-তে আইটেম নাচের জন্য যে শ্রদ্ধা আরও বড় দর হাঁকাবেন, তা বলার অপেক্ষা রাখে না। তবে শ্রদ্ধার বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
‘পুষ্পা ২’ ছবিটি আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে। এতে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। এছাড়াও থাকছেন ফাহাদ ফাসিল।
এর আগে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘পুষ্পা : দ্য রাইজ’ ছবিটি বক্স অফিসে সাড়া ফেলেছিল। কোভিড–১৯-এর দাপট থাকা সত্ত্বেও ভারতে তখন যেন ‘পুষ্পা’ নিয়ে তোলপাড় ছিল।