কুড়িগ্রাম অঞ্চলের মানুষের সবচেয়ে জনপ্রিয় ট্রেন রমনা লোকাল। করোনা প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালে বন্ধ হওয়ার সাড়ে চার বছর পর আবারও চালু হলো ট্রেনটি। ট্রেনটি চালু হওয়ায় কুড়িগ্রামবাসীর মনে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রমনা মেইল ট্রেনটি কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে।
সংশ্লিষ্টরা জানায়, করোনাকালীন সময় ২০২০ সালের ১ মার্চ কুড়িগ্রাম থেকে রমনা মেইল ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে গেলে আর ফিরে আসেনি। ইঞ্জিন স্বল্পতা, জনবল কম ও করোনাকালীন সময়ে মানুষের মাঝে করোনা প্রাদুর্ভাব ছড়ানোসহ বিভিন্ন কারণে সারা দেশে ট্রেন বন্ধ হওয়ার সময় রমনা মেইল ট্রেনটিও বন্ধ হয়ে যায়।
প্রায় সাড়ে চার বছর পর পার্বতীপুর থেকে ছেড়ে আসা রমনা মেইল ট্রেনটি কুড়িগ্রামের চিলমারী রমনা স্টেশনে পৌঁছে দুপুর ১টা ২৫ মিনিটি। ট্রেনটি পৌঁছার সাথে সাথে স্থানীয়দের মাঝে আনন্দ উচ্ছ্বাস শুরু হয়।পরে ১টা ৪০ মিনিটে চিলমারীর রমনা স্টেশন থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা হয়।
ট্রেনের যাত্রী মো. আব্দুল বাতেন বলেন, দীর্ঘ সাড়ে ৪ বছর পর বন্ধ হওয়া রমনা মেইলটি চালু হওয়ায় আমাদের খুবই উপকার হলো। ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতের জন্য আমাদের আর কষ্ট করতে হবে না।
স্থানীয় বাসিন্দা সবুজ মিয়া, দুলাল হোসেন ও জাকির হোসেন বলেন, রমনা ট্রেনটি ছিল আমাদের যাতায়াতের একমাত্র ভরসা। ট্রেনটি বন্ধ থাকায় আমরা যাতায়াত নিয়ে ভোগান্তিতে ছিলাম। আজ ট্রেনটি চালু হওয়ায় আমাদের খুব উপকার হলো।
কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মো. বাবলু মিয়া বলেন, দুপুরে রমনা ট্রেনটি পার্বতীপুর থেকে চিলমারী রমনা স্টেশনে আসে। ট্রেনটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। পরে ট্রেনটি আবার পার্বতীপুরের উদ্দেশ্য ছেড়ে যায়।
পার্বতীপুর স্টেশন মাস্টার মো. রফিক চৌধুরী বলেন, ৪২২ রমনা লোকাল ট্রেনটি পার্বতীপুর স্টেশন থেকে সকাল ৭টায় ছেড়ে রমনা স্টেশন পৌঁছবে দুপুর ১১টা ৪০ মিনিটে। অন্যদিকে ৪১৫ নম্বর ট্রেনটি দুপুর ১২টায় রমনা স্টেশন থেকে রওনা হয়ে বিকেল ৩টা ১৫ মিনিটে রংপুর স্টেশন পৌঁছবে। ৪১৬ নম্বর ট্রেনটি ৩টা ৪০ মিনিটে রংপুর থেকে বিকেল ৫টায় কুড়িগ্রাম পৌঁছবে। পরে পাঁচটা ২০ মিনিটে ৪২১ নম্বর ট্রেনটি কুড়িগ্রাম থেকে পার্বতীপুরের উদ্দেশে রওনা দেবে।