না বলে মোবাইল নেওয়ায় ভাইকে হত্যা

বগুড়ার গাবতলীতে না বলে মোবাইল নেওয়ায় মোবাশ্বের হোসেন (১২) নামের ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করেছেন তারই চাচাতো ভাই নাবিল আহম্মেদ (২০)। এ ঘটনায় অভিযুক্ত নাবিল আহম্মেদকে আটক করেছে পুলিশ। ঘটনাটি গতকাল সকালে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা গ্রামে ঘটে।

নিহত মোবাশ্বের হোসেন গাবতলীর নাড়ুয়ামালা গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও গাবতলী আইডিয়াল কেজি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোবাশ্বের হোসেনের হার্টে ফুটো থাকায় কয়েক দিন আগে অপারেশন করা হয়। এ কারণে সে বাড়ি থেকে বের হতো না। গতকাল সকালে সে বিছানায় শুয়ে তার চাচাতো ভাইয়ের মোবাইল ফোন নিয়ে খেলছিল। না বলে ফোন নেওয়ার কারণে নাবিল মোবাশ্বেরকে চাকু দিয়ে গলা কেটে হত্যা করেন।

জানা গেছে, নাবিল মানসিক রোগী। পুলিশ এসে নাবিলকে আটক করে।