বিএনপির দুই পক্ষ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি

পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নে একই স্থানে একই সময়ে বিএনপির দুপক্ষ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ইউনিয়নের সম্ভাব্য চারটি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

গতকাল সোমবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত সাগিরকান্দি বাজার, খলিলপুর, শ্যামগঞ্জ এবং তালিমনগরে ১৪৪ ধারা জারি করা হয় বলে নিশ্চিত করেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা এবং স্থানীয় যুবদল নেতা তরিকুল ইসলামের নেতৃত্বাধীন দুটি পক্ষ সোমবার দুপুরে সাগিরকান্দি বাজারে পাল্টাপাল্টি সমাবেশ ডাকে। এ নিয়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আব্দুস সালাম মোল্লা কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের এবং তরিকুল ইসলাম পাবনা-২ আসনের সাবেক এমপি সেলিম রেজা হাবিবের অনুসারী।

ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, ‘সমাবেশটি কে বা কারা ডেকেছেন স্বীকার করছেন না, তারা থানায় বিধি মোতাবেক অবহিত করেননি। সেখানে জননিরাপত্তা হুমকিতে আছে, তাই ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

তরিকুল ইসলাম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং এলাকায় চাঁদাবাজি বন্ধের দাবিতে আমরা কয়েক দিন আগে প্রশাসনকে অবহিত করেই সমাবেশ ডেকেছিলাম। কিন্তু প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।’ তবে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা দাবি করে বলেন, ‘আমরাই আগে থানা পুলিশকে অবহিত করছিলাম সেখানে সমাবেশ করব। এরপর তারা সমাবেশ ডেকেছে। এখন প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।’