বকেয়া মজুরির দাবি

১৬ চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি

বকেয়া মজুরির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাষ্ট্রমালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) চা বাগানের শ্রমিকরা। গতকাল সোমবার সকাল থেকে এনটিসির মালিকানাধীন ১৬টি চা বাগানের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে এ কর্মবিরতি শুরু করেন। এর আগে রবিবার মৌলভীবাজারের কমলগঞ্জে এনটিসির বিভিন্ন চা বাগানের শ্রমিক নেতারা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করে সোমবার থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নেন।

চা শ্রমিকদের ভাষ্যমতে, শ্রমিকদের পাঁচ সপ্তাহের মজুরি বকেয়া আছে। মজুরি না পেয়ে অর্থকষ্টে দিন কাটাচ্ছেন তারা। মালিকপক্ষ বকেয়া মজুরি পরিশোধ না করলে তারা কাজে ফিরবেন না।

জানা গেছে, সারা দেশে ন্যাশনাল টি কোম্পানির ১৬টি চা বাগান আছে। এসব বাগানে প্রায় ১৭ হাজার চা শ্রমিক কাজ করেন। তাদের ওপর আরও ৩০ হাজার মানুষের ভরণপোষণ নির্ভর করে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল জানান, চা শ্রমিকদের কর্মবিরতির কর্মসূচিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সমর্থন আছে।

এ বিষয়ে ন্যাশনাল টি কোম্পানির (এনটিসির) মহাব্যবস্থাপক এমদাদুল হক গতকাল সাংবাদিকদের বলেন, চা শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের পরিচালনা পর্ষদ পূর্ণাঙ্গ পুনর্গঠন না হওয়ার কারণে কৃষি ব্যাংক থেকে ঋণ পেতে সমস্যা হচ্ছে। শিগগিরই পরিচালনা পূর্ণাঙ্গ পরিষদ পুনর্গঠন হবে এবং শ্রমিকদের মজুরি পরিশোধ করা যাবে।