মেজর হাফিজ বললেন

স্বৈরাচার শক্তি ভারতে বসে ষড়যন্ত্র করছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিতাড়িত স্বৈরাচার শক্তি ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। চারদিকে ভয়ংকর গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে, শেখ হাসিনার নাকি পদত্যাগপত্র পাওয়া যাচ্ছে না, কারও কাছে নেই তার পদত্যাগপত্র। এর মধ্য দিয়ে একশ্রেণির মানুষকে বোঝানো হচ্ছে, শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী। এর চেয়ে বড় আর মিথ্যাচার হতে পারে না। শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার, তিনি যে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন। এরপর পদত্যাগ পত্রের কি প্রয়োজন আছে?’ স্বৈরাচার চলে গেলেও তার টিমের রাষ্ট্রপতি এখনো বহাল তবিয়তে আছেন বলেও মন্তব্য করেন হাফিজ।

গতকাল সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের নামে করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার, খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় হাফিজ এ কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, ‘আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চাই। পার্শ্ববর্তী দেশের গোলাম হয়ে থাকতে চাই না। জুলাই-আগস্টের আত্মত্যাগের মাধ্যমে আমরা আবার একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, সেটিকে হেলায় হেলায় হারাতে চাই না। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাম-লীতে অনেক দুর্বল লোক আছেন, আওয়ামী প্রীতির মানুষও আছে, তাদের সরিয়ে দিন। শুধু পিএইচডি ডিগ্রি অর্জন করা মানুষ দিয়ে দেশ পরিচালনা করা যায় না। সুন্দর সরকার গঠন করে বাংলাদেশকে আবার ট্র্যাকে নিয়ে আসুন। বাংলাদেশ লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ড. ইউনূসের প্রতি বিএনপি ও জনতার সমর্থন আছে।