অবসর নিয়েছেন। তাতে কী! ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার সিরিজে মাঠে ফিরতে প্রস্তুত আছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। জানিয়ে রাখলেন, নির্বাচকরা চাইলে ভারতের বিপক্ষে টেস্ট খেলবেন তিনি।
ঘরের মাঠে গত দুই সিরিজেই ভারতের কাছে টেস্ট সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ২২ নভেম্বর শুরু হচ্ছে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফি। তার আগে অস্ট্রেলিয়া দলের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওপেনিং কম্বিনেশন। সে কারণেই ৩৭ বছরের ওয়ার্নার অবসর ভেঙে ফেরার প্রস্তাব দিয়ে রেখেছেন।
ওয়ার্নারের অবসরের পর উসমান খোয়াজার সঙ্গে ওপেন করতে দেখা যায় স্টিভ স্মিথকে। জমেনি সেই জুটি। তাই আসছে সিরিজি স্মিথ চার নম্বরেই ব্যাটিং করবেন।
এক সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন, 'আমি সব সময় রেডি। শুধু একটা ফোন করুন। এটা মজা করে বলছি না। একটা ফ্যাক্ট বলি, আমাদের টেস্ট টিমের বেশির ভাগেরই রেড বলে সেই অর্থে প্রস্তুতি হয়নি। শেফিল্ড শিল্ডে প্রথম রাউন্ড খেলেছে। আমাকে যদি এই সিরিজে প্রয়োজন হয়, আমি শেফিল্ড শিল্ডের পরের রাউন্ডে খেলতে রাজী। সেখানেই বোঝা যাবে আমি কতটা প্রস্তুত।'
ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে ১১২ টেস্টে করেছেন ৮ হাজার ৭৮৬ রান। সবশেষ এই বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে খেলেন ওয়ার্নার।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নেন সব ফরম্যাট থেকে। তখন জানিয়েছিলেন নির্বাচকরা চাইলে ফিরবেন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে।