মুলতানে দ্বিতীয় টেস্টের আগে উইকেটের দুই প্রান্তে বিশাল দুই ফ্যান বসিয়ে পিচে বাতাস দিয়েছিল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতেও একই দৃশ্য দেখা গেছে গত কয়েক দিনে। উইকেট শুকনা রেখে বেশি স্পিন পেতে ও স্পিনারদের গ্রিপ রাখতেই এই ব্যবস্থা। আর তা দেখে ইংল্যান্ড তিন স্পিনার নিয়ে পরশু থেকে শুরু সিরিজ নির্ধারণী টেস্ট খেলার সিদ্ধান্ত নিয়েছে।
২০ বছর বয়সী লেগ স্পিনার রেহান আহমেদকে ডাকা হয়েছে। তার সাথে গাস অ্যাটকিনসনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রেহান আহমেদ, শোয়েব বশির এবং জ্যাক লিচ- এই তিন স্পিনার খেলাতে বাদ দেয়াছে দুই পেসার ম্যাথু পটস আর ব্রাইডন কার্সকে। ইংলিশ ব্যাটসম্যান হ্যারি ব্রুক বলেছেন, ‘এখানে সম্ভবত সুইং ও সিম (মুভমেন্ট) পাওয়া যাবে না। পিচ দেখার আমরা ভেবেছি কীভাবে সেরা দল নিয়ে মাঠে নামা যাবে।’
ইংল্যান্ডের জন্য স্পিন অ্যাটাকের গুরুত্ব আরো বেড়েছে কারণ পাকিস্তান দ্বিতীয় টেস্টে নোমান আলি এবং সাজিদ খান মিলে ২০ উইকেট নিয়ে সমতা ফিরিয়েছেন সিরিজে।
পাকিস্তান বংশোদ্ভুত রেহান আহমেদের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল পাকিস্তানেই দুই বছর আগে। ৪৮ রানে ৫ উইকেট নিয়ে টেস্ট অভিষেকে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি। এরপর থেকে তিনি চারটি টেস্ট খেলেছেন, যার মধ্যে শেষটি ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে রাজকোটে।
ইংল্যান্ডের একাদশ
জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, জ্যাক লিচ ও শোয়েব বশির।