মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের মামলায় শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামে ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার নাম সাদেকুল ইসলাম (২৪)। তিনি কক্সবাজার জেলার মহেশখালী শিকদার পাড়া এলাকার বাসিন্দা। গতকাল সোমবার (২১ অক্টোবর) রাতে নগরের ইপিজেড থানাধীন আকমল আলী রোড থেকে সাদেকুলকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া সাদেকুল ইসলাম নগরের আকমল আলী রোডের দারুল আরহাম কারিমিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক। গত ১৩ অক্টোবর ভুক্তভোগী ছাত্রকে তার কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন সাদেকুল। এরপর ওই ছাত্র অসুস্থ হয়ে গেলে পরদিন তার ভাই এসে তাকে বাসায় নিয়ে যান।

সাদেক এর আগেও তাকে ৮/ ১০ বার ওই ছাত্রকে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ পরিবারের। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা সাদেকের বিরুদ্ধে নগরের ইপিজেড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম জানান, মামলা দায়েরের পর ভিকটিমের পরিবার থেকে র‍্যাবের কাছে আবেদন করা হয়। এরপর র‍্যাবের সদস্যরা ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে সাদেকুলকে গ্রেপ্তার করা হয়।