দেশে ডেঙ্গুতে আরও সাতজন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) মারা যাওয়া এসব রোগীদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী। এর মধ্যে ০-৫ বছরের একটি শিশুও রয়েছে। তাদের মধ্যে তিনজন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়, দুইজন খুলনা বিভাগে ও একজন করে ঢাকা ও বরিশাল বিভাগে চিকিৎসাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।
এ নিয়ে এ মাসের গত ২২ দিনে ডেঙ্গুতে ৯৪ জন মারা গেলে। সে হিসেবে দৈনিক গড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা মোট মৃত্যুর ৩৭ শতাংশ। এ বছর এখন পর্যন্ত মোট মারা গেছে ২৫৭ জন।
এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনে ১৭৪ জন, যা মোট মৃত্যুর ৬৮ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ ১৩০ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটিতে। এরপর ঢাকা উত্তর সিটিতে ৪৪, বরিশাল বিভাগে ২৮, চট্টগ্রামে ২৬, খুলনায় ১৫, ঢাকা বিভাগে ১০ জন, ময়মনসিংহে দুজন ও রাজশাহীতে একজন মারা গেছে।
এ বছর এখনো নারীরা বেশি মারা গেছে, যা মোট মৃত্যুর ৫২ দশমিক ৫ শতাংশ বা ১৩৫ জন ও পুরুষ মারা গেছে ৪৭ দশমিক ৫ শতাংশ বা ১২২ জন।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১ হাজার ১৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬৪ শতাংশ বা ৭৩৪ জন পুরুষ ও ৩৬ শতাংশ বা ৪০৫ জন নারী। নতুন রোগীদের মধ্যে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ২৫৫ জন, ঢাকা উত্তর সিটিতে ২৩০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন ও খুলনা বিভাগে ১২১ জন। এরপর বরিশাল বিভাগে ৮৮ জন, ময়মনসিংহে ৩৯ জন, রাজশাহীতে ৩০ জন, রংপুরে ১৬ জন ও সিলেট বিভাগে চারজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৫৮ জন। তাদের মধ্যে তাদের মধ্যে ৩২ হাজার ৯২৮ জন বা ৬৩ শতাংশ পুরুষ ও ১৯ হাজার ১৩০ জন বা ৩৭ শতাংশ নারী। এখনো এ বছর সর্বোচ্চ রোগী ঢাকার দুই সিটি করপোরেশনে ২১ হাজার ৪৭৪ জন, যা মোট রোগীর ৪১ শতাংশ। বাকি ৫৯ শতাংশ রোগী ঢাকার বাইরে। সেখানে সবচেয়ে বেশি রোগী চট্টগ্রাম বিভাগে ৯ হাজার ৫২৯ জন ও সবচেয়ে কম গাজীপুর সিটিতে তিনজন।