কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিতে গঠিত প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবার সাংগঠনিক রূপ পাচ্ছে। গঠিত হয়েছে আহ্বায়ক কমিটি।
চার সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে। আর সদস্য সচিব হিসেবে আরিফ সোহেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির বাকি দুজন হলেন মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ ও মুখপাত্র উমামা ফাতেমা।
গতকাল মঙ্গলবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে এই কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে জানান তিনি।
সারজিস বলেন, ‘সারা দেশে ভুয়া সমন্বয়কের নামে অনেক অপকর্ম হচ্ছে। মূলত এটাকে রোধ করতে আমরা কেন্দ্রীয়ভাবে কাজ করছি। যারা আমাদের মধ্য থেকেও এ ধরনের অপকর্ম করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতেই আমাদের কমিটিতে পুনর্গঠন প্রয়োজন। তাছাড়া আগামীতেও অনেক কাজ রয়েছে, যা বাস্তবায়নে সারা দেশের জেলা-উপজেলায় সংগঠনকে ছড়িয়ে দিতে হবে।’
তিনি আরও বলেন, আহ্বায়ক কমিটির চারজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সারা দেশে কাজ করবেন। পরে দ্রুত সময়ের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ করা হবে। সদ্যগঠিত এই আহ্বায়ক কমিটি শুধু জেলা-উপজেলা নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করতে কাজ করবে।