বাতাসে উড়ছে স্টাম্প, তাকিয়ে দেখছেন অসহায় মুশফিক

একটা সময় ছিল, বেমক্কা স্কুপ কিংবা রিভার্স সুইপ খেলতে গিয়ে উইকেট বিসর্জন দিয়ে আসতেন মুশফিকুর রহিম। চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে তার ‘নতুন রোগ’ দেখা দিয়েছে। কাগিসো রাবাদার ভেতরে ঢোকা বল তিনি বুঝতেই পারছেন না। পরপর দুই ইনিংসে একই বোলারের বলে একইভাবে তিনি বোল্ড হয়েছেন।

৯৩ টেস্টের ক্যারিয়ারে সব মিলিয়ে ৩৭ বার বোল্ড হয়েছেন মুশফিকু। সেটা হতেই পারেন। কিন্তু মিরপুরে পরপর দুই ইনিংসে তিনি যেভাবে বোল্ড হয়েছেন, এমন অসহায়ত্ব হয়তো তিনি কখনই বোধ করেননি। প্রথম ইনিংসে রাবাদার বলটি বেরিয়ে যাবে ভেবেই হয়তো ছেড়ে দিয়েছিলেন। বল ভেতরে ঢুকে স্টাম্প ছত্রখান করে দেয়। হাওয়ায় উড়তে থাকে স্টাম্প। অসহায়ভাবে দেখতে দেখতে ড্রেসিংরুমের পথে হাঁটা দেন মুশফিক।

দ্বিতীয় ইনিংসেও তাই। আজ বুধবার ম্যাচের তৃতীয় দিন সকালের চতুর্থ ওভারেই বোল্ড হন মুশফিক। রাবাদার ফুল লেংথ ডেলিভারি ভুল লাইনে ড্রাইভ করতে গিয়ে তার স্টাম্প উড়ে যায়। প্রথম ইনিংসে ১১ রান করা মুশফিক দ্বিতীয় ইনিংসে করেন ৩৯ বলে ৩৩ রান। তার এভাবে আউট হওয়া বাংলাদেশের পরাজয় আরও ত্বরাণ্বিত করল। এখন ইনিংস হার এড়াতে পারে কিনা সেটাই দেখার।