মুশফিকের সাথে ১৫ নম্বর জার্সিও যাবে অবসরে

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ও অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রতি সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলে তার ব্যবহৃত ১৫ নম্বর জার্সিও তুলে রাখার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ, ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলের আর কোনো ক্রিকেটার ১৫ নম্বর জার্সি পরে খেলতে পারবেন না।

আজ শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত বিসিবির চলতি পরিচালনা পর্ষদের পঞ্চম বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়েক্সহে। বোর্ডের একাধিক পরিচালক দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

একই সভায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমের নামে একটি গ্যালারি করার বিষয়েও আলোচনা হয়েছে। দেশের ক্রিকেটে দীর্ঘদিনের অবদান ও বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবেই তাকে ঘিরে এমন উদ্যোগ নেওয়ার কথা ভাবছে বোর্ড।

বাংলাদেশের হয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার গড়েছেন মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরও টেস্ট ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তিনি। তবে আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকেও বিদায় জানানোর কথা তার।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত