কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাইয়ুম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে হোসেনপুর নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট কিশোরগঞ্জ শহরের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় সদর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, আব্দুল কাইয়ুম খোকন টানা দুইবার হোসেনপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২১ সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।