সৌদি যাওয়ার পরদিনই সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

অভাবের সংসারে সামান্য সুখের আশায় দুই দিন আগেই বাংলাদেশ থেকে সৌদি আরবে যান জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মো.কবির (২৫) নামে এক যুবক। ভাগ্যের কি নির্মম পরিহাস প্রথম দিনে কাজে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

বধুবার (২৩ অক্টোবর) সকালে সৌদি আরবের আল ফাহাদ নামে একটি প্রতিষ্ঠানের কাজ করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহত কবির উপজেলার জোড়খালী ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার প্রবাসী শওকত আলীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, 'অভাবের সংসারে কষ্ট দূর করতে গত সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ থেকে সৌদি আরবে যান কবির। সেখানে আল ফাহাদ নামে একটি প্রতিষ্ঠানে কাজ নেন। বুধবার সকালে তিনি প্রথম কাজে যাওয়ার জন্য বের হয়। কাজে যাওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় আহত হয় কবির। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত কবিরের সহপাঠী জাহিদ হাসান বলেন, 'দুইদিন আগে সৌদি আরবে গিয়েছে কবির। গতকাল রাতেও তার সঙ্গে ফোনে কথা হয়েছে। হঠাৎ করে ফেসবুকে দেখি সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। বন্ধুর এমন মৃত্যুতে আমরা শোকাহত।

জোড়খালী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাজেল বলেন, 'নিহত কবির পড়াশোনা করেছে। কোনো কাজ না থাকায় বাড়িতেই ছিল। পরিবারের অবস্থা ভালো না হওয়ায় সচ্ছলতা আনতে ও নিজের কষ্ট দূর করতে দুই দিন আগে সৌদি আরবে গিয়েছে। কবিরের বাবা শওকত আলীও সৌদি আরবেই থাকেন। কবিরের প্রথম ডিউটির দিনেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।