বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, শেখ হাসিনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু চক্রান্ত শুরু করেছেন। তিনিও এখন নয়ছয় শুরু করেছেন। ছাত্ররা তার পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করেছে। তিনি সাক্ষাতকারে বলেছেন পদত্যাগ নাকি দৃশ্যমান নয়, সঠিক নয়। ছাত্র গণঅভুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ উৎখাত হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে সেখানে তার পদত্যাগ কোনো বিষয় নয়।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার নূরালাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তারা ঘোলা পানিতে মাছ শিকার করে সাংবিধানিক সংকট সৃষ্টি করতে চাচ্ছে। সাংবিধানিক সংকট সৃষ্টি করে লাভ হবে না। আপনার নৈতিক স্ফলন হয়েছে, আপনি শপথ ভঙ্গ করেছেন, তার জন্যে আপনাকে আইনের আওতায় আসতে হবে। আপনার বিচার বাংলাদেশের মাটিতেই হবে।
তিনি বলেন, রাষ্ট্রপতিও এখন পালিয়ে যাওয়ার রাস্তা খোঁজবেন। আমি আশা করবো যদি তার নূন্যতম দেশপ্রেম থাকে, শেখ হাসিনার মত যদি পরিণতি না হয় তাহলে তিনি সসম্মানে পদত্যাগ করবেন। পদত্যাগ করে এই নাটকের অবসান ঘটাবেন। জনগণ তাকে আর রাষ্ট্রপতি হিসেবে চায় না। কারণ তিনি আওয়ামী লীগকে প্রদর্শন করছেন। বিভিন্ন জায়গায় গণহত্যার কারণে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি উঠছে।
তিনি আরও বলেন, এই শহীদের রক্তের বদলে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। তারা এখনও একটি রোডম্যাপ দিচ্ছে না কবে নাগাদ নির্বাচন হবে। জনগণ কিন্তু ভোট দেওয়ার জন্য বসে আছে।
নূরালাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছাদেকুর রহমান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন, জাহিদুল কবির ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ জেলা ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।