কুষ্টিয়ার হাউজিং এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে নিজ বাড়িতে বাবা-মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং বি ব্লকের ৩৯৩নং বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টির মধ্যে ঘরের বৈদ্যুতিক বোর্ড বিদ্যুতায়িত হয়েছিল। এ সময় গৃহবধূ রুপা খাতুন (৩৫) বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্বামী সালাম (৪০) বিদ্যুতায়িত হন। পরে তাদের বাঁচাতে গিয়ে তাদের কিশোরী মেয়ে সাবা খাতুন (১৩) বিদ্যুতায়িত হয়।
এ সময় বিদ্যুতায়িত সালামের ভাইয়ের ছেলে সিয়াম (৯) তাদের কাছে এগিয়ে গেলে সিয়ামও বিদ্যুতায়িত হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুপা খাতুন সালাম ও তাদের মেয়ে শাবাকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত ভাতিজা সিয়ামকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত রুপা খাতুনের ভাই সাইদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার বোন দুলাভাই ও ভাগ্নির মৃত্যু হয়েছে। দুলাভাই সালামের বাসার অদূরে জেলখানা মোড়ে ফটোকপির দোকান রয়েছে। ভাগ্নি সাবা খাতুন হাউজিং প্রাইমারি স্কুলের ৪র্থ শ্রেণীতে লেখাপড়া করত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী জানান, বৃষ্টির পানিতে সার্ভিস লাইনের তারে ত্রুটি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
সৌদি যাওয়ার পরদিনই সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু