তাবিথ আউয়ালের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির নির্বাচিত হওয়াটা এখন সময়ের ব্যাপার। শনিবার হতে যাচ্ছে নির্বাচন। প্রতিপক্ষ হিসেবে আছেন দিনাজপুরের তৃণমূল ফুটবল নিয়ে কাজ করা এক অখ্যাত প্রার্থী এ এফ এম মিজানুর রহমান চৌধুরী।
ভোটের হিসেব মেলানোটা এখন তাই হেভিওয়েট তাবিথের জন্য জলের মতো সহজ। আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়ার আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় ডেলিগেটসদের উদ্দেশ্যে নৈশভোজের আয়োজন করেন তাবিথ। ব্যানারে লেখা হয় 'ওয়েলকাম টু প্রেসিডেন্ট'স ডিনার ২০২৪'।
আর এই আয়োজনে হাজির হয়ে আরেকবার তাবিথকে প্রশ্নবিদ্ধ করেছেন দুর্নীতি, জালিয়াতি ও অনিয়মের দায়ে ফিফার নিষেধাজ্ঞা পাওয়া বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। কিছুদিন আগেও তাবিথের আরেকটি আয়োজনে উপস্থিত হয়েছিলেন এই বিতর্কিত ব্যক্তি।
তাবিথের বৃহস্পতিবার সন্ধ্যার আয়োজনে সংবাদ মাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়নি। গান-বাজনার পাশাপাশি ছিল খানা-পিনার ব্যবস্থা। নির্বাচনের দু'দিন আগে, তাই বিভিন্ন পদে নির্বাচন করতে যাওয়া প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চেয়েছেন। সোহাগও চেয়েছেন সুযোগটা নিতে। এই নির্বাচনে নিজের স্ত্রী তাসমিয়া রেজোয়ানাকে নির্বাহী সদস্য পদে দাড় করিয়েছেন সোহাগ।
চাইছেন স্ত্রীকে ব্যবহার করে ফুটবলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে। তাই স্ত্রীকে নিয়ে ঘুড়ে ঘুড়ে ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়েছেন তিনি। কিছুদিন আগেও ফর্টিজ ডাউন টাউন রিসোর্টের একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছিলেন তাবিথ আউয়াল। সোহাগ সেখানেও উপস্থিত হন এবং তাবিথের সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুক পেইজে পোস্ট করেন।
যা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল তাবিথকে। সোহাগকে আমন্ত্রণ জানাননি বলে দাবী করেছিলেন তাবিথ। বৃহস্পতিবার আবারও একই কান্ড ঘটালেন সোহাগ। তাতে তাবিথসহ অনেকেই হয়েছেন বিব্রত। বারবার তাবিথের অনুষ্ঠানের সোহাগের উপস্থিতি দেখে অনেকের মনেই জড়ো হয়েছে নানা প্রশ্ন।