নতুন প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী প্রধান বিচারপতিতে নিয়োগ দিয়েছে পাকিস্তান। গত বুধবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধান বিচারপতি হিসেবে দেশটির তৃতীয় জ্যেষ্ঠ বিচারপতি ইয়াহিয়া আফ্রিদিকে নিয়োগের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন। পাকিস্তানে আগের প্রক্রিয়া অনুসারে প্রধান বিচারপতির পর সবচেয়ে থাকা জ্যেষ্ঠ বিচারপতি তার স্থলাভিষিক্ত হতেন। তবে দেশটির সরকার ও তাদের মিত্র দলগুলো গত রবিবার পার্লামেন্টে জরুরি অধিবেশন ডাকে। সেখানেই জ্যেষ্ঠতার ভিত্তিতে বিচারপতি নিয়োগের বাধ্যবাধকতা বাদ দেওয়া হয়। বিচারপতি নিয়োগের নতুন এ প্রক্রিয়ার সমালোচনা করেছে বিরোধী দলগুলো। তারা বলছেন, প্রক্রিয়াটি বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণœ করবে।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্যেষ্ঠতার বিচারে বিদায়ী প্রধান বিচারপতির পর তৃতীয় অবস্থানে আছেন ইয়াহিয়া আফ্রিদি। বিচারপতি নিয়োগে প্রচলিত প্রক্রিয়া সংশোধনী আনার মধ্য দিয়ে সংসদীয় প্যানেল তাকে প্রধান বিচারপতি হিসেবে বেছে নিয়েছে। আজ শুক্রবার অবসরে যাবেন বিদায়ী প্রধান বিচারপতি। সেই শূন্যস্থান পূরণ করবেন ইয়াহিয়া আফ্রিদি। তার মেয়াদ হবে তিন বছর।