পান্তর চালাকি ধরে ফেললেন ‘হিন্দি জানা’ কিউই ক্রিকেটার, হাঁকালেন ছক্কা

নিউজিল্যান্ডের ক্রিকেটারও যে হিন্দি জানতে পারেন, সেটা কারও মাথায় ছিল না। তাই কোনো রাখঢাক না করেই বোলার ওয়াশিংটন সুন্দরকে পরামর্শ দিয়েছিলেন ভারতের উইকেটকিপার রিশাভ পান্ত। তার কথা ব্যাটসম্যান বুঝতে পারায় চালাকি আর খাটেনি। বরং ছক্কা হজম করতে হয়েছে ভারতীয় স্পিনারকে।

চলতি পুনে টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ঘটনা। ওই সময় ব্যাট করছিলেন আজাজ প্যাটেল। তখন বোলার ওয়াশিংটন সুন্দরকে উদ্দেশ্য করে পান্ত হিন্দিতে বলেছিলেন, ‘একটু সামনে বল কর। আর বাইরের দিকে।’ সতীর্থের সেই উপদেশ মেনে নেন ওয়াশিংটন। পান্ত যেমন বলেছিলেন, সেভাবেই বল করেন। কিন্তু উইকেটের বদলে বল উড়ে উড়ে চলে যায় সীমানার বাইরে!

ব্যাপারটা কী? আসলে রিশাভ পান্ত বুঝতেই পারেননি যে আজাজ হিন্দি জানেন। পান্তের উপদেশ বুঝতে পেরে তিনি হেসেখেলে ছক্কা মারেন। ততক্ষণে পান্ত বুঝে গেছেন তিনি কী ভুলটাই না করেছেন! পান্ত বুঝতে পারেন কী ভুল করেছেন। বল যখন বাউন্ডারির পথে, তখন আবার স্টাম্প মাইকে পান্তের গলা শোনা যায়, ‘আমি কীভাবে জানব সে হিন্দি জানে!’

বেঙ্গালুরুতে হেরে যাওয়া ভারত পুনে টেস্টেও এখন হারের মুখে আছে। দ্বিতীয় দিন শেষে তাদের টার্গেট দাঁড়িয়েছে ৩০১ রান। কিউইদের হাতে আরও পাঁচ উইকেট আছে। ভারতের ওপর রানের বোঝা যে আরও বাড়বে- তাতে কোনো সন্দেহ নেই।