দীর্ঘ যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে ইরাক। এখনো মধ্যপ্রাচ্যের দেশটিতে স্বাভাবিক জীবনযাত্রার আশা সুদূর পরাহত। তবে পরিবর্তনের আশায় হাত গুটিয়ে বসে না থেকে রাজধানী বাগদাদের এক শিল্পী পাড়ায় পাড়ায় রঙের ছোঁয়া আনছেন। সেই উদ্যোগ মানুষকে প্রেরণা জোগাচ্ছে। অনেকে বলছেন, তার এই উদ্যোগে ঢেকে যাচ্ছে দীর্ঘদিনের যুদ্ধ ও অস্থিরতার ক্ষত।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে বলেছে, বাগদাদের আল ফাদল এলাকায় যে কোনো এক ধরনের পরিবর্তন চলছে, তা শুধু রঙ ভরা বড় বালতি দেখেই টের পাওয়া যায়। আলি খলিফা ও তার ‘বাটারফ্লাই এফেক্ট’ নামের শিল্পীসংঘের উদ্যোগে মলিন দেয়ালগুলো রঙিন হয়ে উঠছে।
রঙিন দেয়ালচিত্র বা ম্যুরালের মাধ্যমে বাগদাদের অবহেলিত পাড়াগুলোতে প্রাণ সঞ্চার করাই তাদের লক্ষ্য। আলি বলেন, ‘কাজের প্রশংসাই আমাকে প্রেরণা জোগায়। সৌভাগ্যবশত, এখন পর্যন্ত আমরা কোনো নেতিবাচক প্রতিক্রিয়া পাইনি। এখানকার বয়স্ক ও তরুণদের জন্য এটা নতুন এক অভিজ্ঞতা। কিন্তু তারা আমাদের কাজ পছন্দ করছে বলেই মনে হচ্ছে।’
প্রশ্ন হলো, একটু রঙের ছোঁয়া কি পৃথিবীকে আরও ভালো জায়গা করে তুলতে পারে? আলির মতে, মানুষের ওপর শিল্পকলার প্রভাব অবশ্যই রয়েছে। তিনি ও তার সতীর্থরা নিশ্চিত যে মানুষ যখন তাদের দেয়ালে রঙ করতে বলেন, তখন সেটা আর শুধু বাহ্যিক সৌন্দর্যে সীমাবদ্ধ থাকে না।
আলি খলিফা বলেন, ‘এই দেয়ালের প্রতিটি গর্ত, প্রতিটি চিড়ের পেছনে মর্মান্তিক কোনো স্মৃতি রয়েছে। কিন্তু বুলেটের গর্তগুলোকে ফুলে পরিণত করে এক বার্তা পাঠানো হচ্ছে। খারাপ সময় পেছনে ফেলে সামনের দিকে এগোনো সম্ভব।’
এরই মধ্যে এমন আরও ম্যুরালে আলির রঙিন জগৎ সবার নাগালে চলে এসেছে। মলিন শহরটি যে অনেক প্রাণবন্ত হয়ে উঠছে, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। শিল্পকলা মানুষের জীবন বদলে দিতে পারে। যারা সেই শিল্প সৃষ্টি করছেন, শুধু তারাই নন শিল্পসৃষ্টির আশপাশের মানুষও প্রেরণা পেতে পারেন।
এই শিল্পীসংঘ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ইরাকের রক্ষণশীল সমাজে প্রায় অদৃশ্য নারীরাও এভাবে নিজেদের ধ্যানধারণা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
কাছের এক পার্কে আলি খলিফা আঁকা শেখাচ্ছেন। তিনি মানুষকে উদ্বুদ্ধ করতে চান। তার বিশ্বাস, একটি পেনসিল বা তুলির আঁচড় ঠিক প্রজাপতির পাখার সঞ্চালনের মতো জগতে পরিবর্তন আনতে সাহায্য করতে পারে।