ফাঁসিতে হাজতির মৃত্যু, কারারক্ষী বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. জুয়েল (৩৪) নামে এক হাজতি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

নিহত মো. জুয়েল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আবু চান মিয়ার ছেলে।

কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদের ভাষ্য মতে, জুয়েল তার স্ত্রীকে হত্যার মামলায় বিচারাধীন ছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে রাতে তিনি কারাগারের সেলের গ্রিলের রডে গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই অবস্থায় কারারক্ষীরা দেখে তাকে কারা হাসপাতালের নিয়ে যান। পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি জানান, এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রিপন বড়ুয়া নামে এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া প্রধান কারারক্ষী আবদুর রশিদ ও সহকারী কারারক্ষী উত্তম কান্তি বড়ুয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।