ফেনী জেলা সদর সাব-রেজিস্ট্রার ও তার কার্যালয়ের বিরুদ্ধে ওঠা অনিয়ম তদন্তে এক সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক নুর ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে চাঁদপুর জেলা রেজিস্ট্রার মহসীন আলমকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত চিঠিটি গত ২২ অক্টোবর গ্রহণ করেন মহসীন আলম।
এর আগে গত ১৪ অক্টোবর দেশ রূপান্তরের শেষ পাতায় ফেনী জেলা সদর সাব-রেজিস্ট্রার অফিসে ‘দিনে ঘুষ পাঁচ লাখ টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতেই জেলা সদর সাব-রেজিস্ট্রার অফিসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, মন্ত্রী ও সচিবের নামে এখনো ‘উপরি’ তোলেন ফেনী সদর উপজেলা সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকার। জায়গা-জমি, বাড়ি, ফ্ল্যাটসহ যেকোনো কিছু রেজিস্ট্রেশন করতে হলে সরকার নির্ধারিত ফি ছাড়াও বাড়তি টাকা দিতে হয় গ্রাহককে। তা না হলে জমি কেনাবেচায় নানা অজুহাতে সবাইকে দুর্ভোগ পোহাতে হয়।