‘পালিয়ে যাওয়া আ.লীগ নেতারা লন্ডনেও বের হতে পারছেন না’

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তখন বৃহত্তর সিলেটের আওয়ামী লীগের নামধারী নেতারা লন্ডন পালিয়ে যান। লন্ডনে গিয়েও তারা সাহস করে রাস্তায় বের হতে পারেননি। বের হলে মানুষ তাদের ধাওয়া দেয়।

গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার শহরের একটি অভিজাত কনভেনশন হলে জাতীয়তাবাদী পরিবার মৌলভীবাজার জেলা কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যে বিজয় হয়েছে, এটি সাময়িক বিজয়। তিনি অন্তর্বর্তী সরকারকে স্বল্পসময়ের মধ্যে ভোটের ব্যবস্থা করে গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপি সিনিয়র সদস্য মোশারফ হোসেন বাদশা, সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, ইংল্যান্ড বিএনপির যুগ্ম সম্পাদক সুজাত রেজা চৌধুরী, রাজশাহী বিএনপির নেতা নুরুজ্জামান খান, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম বাদল, সুনামগঞ্জ বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট তাহের চৌধুরী পাবেল, ইংল্যান্ড বিএনপির যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, বিএনপি নেতা গিয়াস উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বকস প্রমুখ।