দেখতে দেখতে চলে এলো ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণার দিনটি। আগামী সোমবার জানা যাবে, কার হাতে উঠছে এই পুরস্কার। এবারের ব্যালন’ডি অরের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় আছেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এতে আপত্তি না জানালেও মেসিকে এখনো বিশ্বসেরা মনে করেন ইন্টার মিয়ামির কোচ জেরার্দো মার্তিনো
এবারের ব্যালন ডি’অরের লড়াইয়ে ভিনিসয়ুসের প্রতিদ্বন্দ্বী তার ক্লাব সতীর্থ ইংলিশ ফুটবলার জুড বেলিংহ্যাম ও ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ২০০৩ সালের পর প্রথমবার ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে সেরা ৩০ জনের তালিকায় জায়গা হয়নি লিওনেল মেসির। যদিও ক্যারিয়ারের শেষপ্রান্তে এসেও তিনি দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে যাচ্ছেন।
মার্তিনোর দাবি, ব্যালন ডি’অর ব্যাপারটি কখনও তিনি সেভাবে বুঝে উঠতে পারেন, ‘এটা এমন কিছু, আমাকে যা কখনোই খুব একটা আকর্ষণ করেনি। আমি ঠিকই পরিষ্কারও নই যে, এটা কি বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি নাকি বছরের সেরা। ভিনিসিয়ুসের সম্ভবত এটা প্রাপ্য। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন যে এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার কে? সেটা অবশ্যই মেসি।’
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান রাখার পথে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করার পাশাপাশি ১১ গোলে সহায়তা করেছেন ভিনিসিয়ুস। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও একটি গোল করেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। মেসি এই বছর ইন্টার মিয়ামির হয়ে স্রেফ ১৯ ম্যাচ খেলেই ২০ গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন ১৬টি।
অন্যদিকে ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে মেসির নাম না দেখে বিস্মিত ইন্টার মিয়ামির ডিফেন্ডার জর্দি আলবা, ‘ব্যালন ডি’অর বা এসবকে কখনও সেভাবে গুরুত্ব দেইনি। তবে আমার মতে, লিও সবসময়ই সেখানে থাকার উপযুক্ত। সে পার্থক্য গড়েই চলেছে এবং কোনো সংশয় নেই যে, সর্বোচ্চ পর্যায়ে এখনও সে বিশ্বের সেরা।’