ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রাকচাপায় রায়হান সরকার (২৮)  নামে পুলিশ সদস্য নিহত হয়েছেন। খিলক্ষেত থানায় কর্মরত ছিলেন এই পুলিশ কনস্টেবল। 

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাতেই মৃত ঘোষণা করেন। খিলক্ষেত থানা পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত পুলিশ সদস্য রায়হানের বড় ভাই মো. কাউসার আলী জানান, তাদের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরাইল গ্রামে। বর্তমানে স্ত্রী বিথী আক্তারকে নিয়ে খিলক্ষেত কুড়াতলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন রায়হান। তার বাবা আবদুস সোবাহানও পুলিশ সদস্য ছিলেন।

তিনি জানান, রায়হান ২০১৬ সালে পুলিশে যোগ দিয়েছিলেন। শুক্রবার রাতে কুড়াতলি এলাকায় ডিউটিতে ছিলেন।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, শুক্রবার রাত ১২টার দিকে কুড়িল বিশ্বরোড কোড়াতলী এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গুরুতর আহত হয় তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ট্রাক রেখে চালক পালিয়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।