দেশে মিথ্যা মামলার মাধ্যমে ব্যবসা হচ্ছে : সারজিস 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা হচ্ছে। গত দুদিন ধরে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা হচ্ছে। দেশের সব রাজনৈতিক দল যদি চায় তাকে অপসারণ করতেÑ তাহলে কোনো অপশক্তি নেই তাকে আর এই পদে বসিয়ে রাখতে পারে।

গতকাল শনিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, ‘আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সব রাজনৈতিক দলের মানুষের সম্মতিতে এমন একজন মানুষকে বসাব, যিনি ২০২৪-এর স্পিরিটকে ধারণ করেন, আগামীতেও করবেন। এমন একজন মানুষকেই আমরা সেখানে বসাব।’ সারজিস বলেন, জুলাই বিপ্লবে পুলিশের যে ইমেজ সংকট তা মাথায় না রেখে এখনো কিছু পুলিশ বিভিন্ন মোড়কে দলের বা গোষ্ঠীর হয়ে কাজ করছে। দেশে মিথ্যা মামলার মাধ্যমে ব্যবসা হচ্ছে। কোনো কোনো পুলিশ নীরব দর্শক হয়ে আছে। কেউ আবার পরবর্তী সময়ে যাতে সুবিধা নেওয়া যায় সে চেষ্টা করছে।