প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ সেনাপ্রধানের

যুক্তরাষ্ট্র ও কানাডায় সফর শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খবরে বলা হয়েছে, বৈঠকে জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে গত শুক্রবার দেশে ফেরেন। তিনি ১৫ অক্টোবর সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডায় যান।

এর আগে গত শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে সেনাবাহিনী প্রধানের দেশে প্রত্যাবর্তনের তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি, যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করেন।