নজরুল ইসলাম বললেন

জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘১৬ বছরের দীর্ঘ লড়াই এবং শেষ পর্যন্ত জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের যে আকাক্সক্ষা, তাতে ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু আরেকটা আকাক্সক্ষা গণতন্ত্র, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা। এমনভাবে সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, যাতে জনগণের বিপক্ষে কেউ কাজে না লাগাতে পারে। প্রকৃত ও জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সংস্কার দরকার, দ্রুত সেটা করে বাংলাদেশে জনগণের নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।’

গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে সপ্তম ও নবম শ্রেণির পাঠ্যপুস্তকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী ফের অন্তর্ভুক্ত করার দাবিতে আয়োজিত গণসমাবেশে নজরুল এ কথা বলেন।

আয়োজক সংগঠনের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে গণসমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পাটির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি প্রমুখ বক্তব্য দেন।

এদিকে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক লীগ (ডিএল) এবং অলি আহাদ স্মৃতি সংসদের উদ্যোগে ‘ভাষা আন্দোলনের সিপাহসালার ও দেশবরেণ্য জাতীয় নেতা অলি আহাদের’ ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ছাত্র-জনতার যে বিপ্লব হয়েছে, এটি একটি রোম্যান্টিক রেভ্যুলেশন। এ কথা বলার কারণ হলো, ছাত্রদের এই জনবল আপাতদৃষ্টিতে আমরা দেখছি, বিগত প্রায় আড়াই মাসে অনেক জায়গায় বিভেদ সৃষ্টি হচ্ছে, সাম্য ও ঐক্যও অনেক জায়গায় সৃষ্টি হয়েছে। এটা সম্যক অনুভব করতে হলে আজকে আমরা যে অবস্থার মধ্যে আছি, সত্যিকার মুক্তির জন্য মানুষ যেভাবে জীবনকে বিসর্জন দিয়েছে, আন্দোলন-সংগ্রাম করেছে, আমরা সেই রোমান্টিক রেভ্যুলেশনের ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি।’

এ সময় কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার, অলি আহাদের কন্যা ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ উপস্থিত ছিলেন।