প্রক্সিতে লিখিত পরীক্ষায় পাস ২২ জন মৌখিকে এসে ধরা

গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সির মাধ্যমে লিখিত ধাপে পাস করা ২২ জন মৌখিক পরীক্ষায় (ভাইভা বোর্ড) গিয়ে ধরা পড়েছেন।

গত শনিবার রাতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে তাদের আটক করা হয়। লিখিত পরীক্ষার খাতার লেখার সঙ্গে তাদের হাতের লেখার মিল না পাওয়ায় ওই ২২ জনকে আটকের কথা জানান নিয়োগ বোর্ডের সদস্যরা। পরে তাদের সদর থানায় নেওয়া হয়। চাকরিপ্রত্যাশী আটক ওই পরীক্ষার্থীদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিয়োগ বোর্ডের সদস্য ও স্থানীয় সরকার বিভাগ গাইবান্ধার উপপরিচালক মো. শরিফুল ইসলাম। তিনি জানান, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ২২ জনের হাতের লেখার সঙ্গে তাদের পরীক্ষার খাতার লেখার মিল পাওয়া যায়নি। বিষয়টি তারা ভাইভা বোর্ডের সামনে স্বীকার করেছেন। তাদের পরিবর্তে অন্যরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। অর্থাৎ প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কেউ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের আটক করা হয়। পরে পুলিশে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, নিয়োগ পরীক্ষায় জালিয়াতির পেছনে বড় কোনো চক্র জড়িত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্তপূর্বক ঘটনার সম্পূর্ণ সত্যতা উদঘাটন করবে বলে আশা করা যায়।

জানা গেছে, গত ২৫ মে জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার অফিস সহায়কের ৫৫টি শূন্য পদ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন সাবেক জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল। ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে এইচএসসি ও এসএসসি পাস চাকরিপ্রত্যাশীরা আবেদন করতে পারবেন বলে উল্লেখ করা হয়।

গত শুক্রবার জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা হয়। এতে ৩ হাজার ৭২২ জন অংশ নেন। লিখিত পরীক্ষায় ২২৬ প্রার্থী উত্তীর্ণ হন। গত শনিবার দুপুর ২টা থেকে ২২৬ জনের মৌখিক পরীক্ষা শুরু হয়। এর মধ্যে শেষ পর্যন্ত ৩৬ চাকরিপ্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেননি।