উগ্রপন্থি সংগঠন হিযবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিম দেশে নিষিদ্ধ এবং উগ্রপন্থি সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। গতকাল রবিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্টস ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। দেশ রূপান্তরকে ওই পোস্টের সত্যতা নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।
নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থি সংগঠন হিযবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের সাম্প্রতিক এমন দাবির প্রেক্ষাপটে গতকাল ওই পোস্ট দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং।
ওই পোস্টে বলা হয়, ‘উগ্রপন্থি সংগঠন হিযবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে নিষিদ্ধ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের সব উগ্রপন্থি সংগঠনের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। সম্প্রতি বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন টুইটারে একটি পোস্ট করেছেন, যা আমাদের নজরে এসেছে। তিনি এই সপ্তাহের শুরুতে দাবি করেছেন যে, অন্তর্বর্তী সরকার দুটি গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তার এই দাবি সত্য নয়।’
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গত কয়েক দশকে নিষিদ্ধ ঘোষিত এই দুই গ্রুপসহ অন্যান্য উগ্রপন্থি সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই।