ব্যাংক অথবা আয়কর অফিসে গিয়ে আয়কর জমা দেয়ার পরিবর্তে এখন থেকে ঘরে বসে সহজেই অনলাইনে আয়কর জমা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার (২৮ অক্টোবর) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। এ সময় অনলাইনে ই-রিটার্ন ও আয়কর জমা দিতে দেশবাসীকে উৎসাহিত করেন তিনি।
দেশবাসীকে সালাম জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আয়কর নিয়ে দুটি কথা বলছি। আপনাদের দেয়া কর-ই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতেই পোহাতে হয় নানা ঝামেলা।’
তিনি বলেন, ‘এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেওয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেওয়ার ঝামেলা করতে হবে না। আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন। এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সকল কর্মকর্তা-কর্মচারী ও সকল তফশিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য এভাবে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আবার বলছি, বাধ্যতামূলক করা হয়েছে। দেশের বাকি সবাইকে অনলাইনে আয়কর ও ই-রিটার্ন জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।’
কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি কত বেশি আয়কর অনলাইনে জমা দিবেন, তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কারের ব্যবস্থা করা হবে। এজন্য জেলায় জেলায় প্রতিযোগিতা তৈরি করার আহ্বানও জানিয়েছেন তিনি।
এছাড়া, অনলাইনে আয়কর জমা দিতে করদাতাদের সাহায্য করার জন্য তরুণ-তরুণীদের প্রতি আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি এখান থেকেই শুরু হতে পারে। ক্রমে সব ধরনের কর অনলাইনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এখন থেকে আয়কর দেওয়ার অভিজ্ঞতা মসৃণ ও জঞ্জালমুক্ত হোক, এই কামনা করছি।’