আ.লীগকে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখতে রিট

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০১:১৩ পিএম

আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। সোমবার (২৮ অক্টোবর) সকালে এ রিটটি দায়ের করেন তারা।

জানা যায়, হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হবে। রিটে আওয়ামী লীগ যাতে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে তার নির্দেশনা চাওয়া হয়েছে।

হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘দুটি রিট করেছি। প্রথমটি হচ্ছে আওয়ামী লীগের বিগত ৩টি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দেবে না সে বিষয়ে প্রথম রিট।

দ্বিতীয়টি হচ্ছে এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকে সকাল রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখা হবে না সে বিষয়ে দ্বিতীয় রিট। দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই।

রিটকারীর পক্ষের আইনজীবী আহসানুল করিম দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ যাতে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে রিটে সেই নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া তারা আগামী নির্বাচনে যাতে অংশগ্রহণ নিতে না পারে সেই নির্দেশনাও চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামীকাল মঙ্গলবার হাকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে।

গত ২৩ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত