শান্তর সঙ্গে আলোচনার শর্তে দুই অধিনায়ক চান নান্নু

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর নাজমুল হোসেন শান্ত তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে শান্তর আলোচনার পর এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত আসবে। এর আগে বিষয়টি নিয়ে মুখ খুললেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

গত ফেব্রুয়ারিতে শান্তকে আনুষ্ঠানিকভাবে তিন ফরম্যাটের অধিনায়ত্ব দেওয়া হয়। তার নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও সাম্প্রতিক সময়ে ব্যাটিংটা ভালো যাচ্ছে না। এ নিয়ে চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। নান্নু মনে করেন, শান্তর সঙ্গে আলোচনা করে তার এমন সিদ্ধান্তের কারণ জানা উচিত, ‘শান্তর সাথে কথা বলা উচিত। কী কারণে (অধিনায়কত্ব) ছাড়তে চায় সেটাও জানা দরকার।’

শেষ পর্যন্ত শান্ত যদি নেতৃত্বে থাকতে সম্মত না হন কিংবা তিন ফরম্যাটের দায়িত্ব নিতে রাজি না হন, সেক্ষেত্রে অন্তত দুই অধিনায়কের প্রস্তাব দিলেন নান্নু, ‘ব্যাকআপ হিসেবে বিসিবির আলোচনা করে এমনভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে লম্বা সময়ের জন্য চিন্তা করতে পারে। এখন কিন্তু খেলা অনেক বেশি। তিনটা ফরম্যাটেই কিন্তু প্রচুর ম্যাচ খেলছে। তাই সাদা বল আর লাল বলের (নেতৃত্বে) ভাগাভাগি করা যেতে পারে। এটা বোর্ডের সিদ্ধান্ত। এটা আমরা বাইরে থেকে বললে কিন্তু হবে না।’