ব্যালন ডি’অর জিতলে ইতিহাস গড়বেন রদ্রি

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি এখন ফুটবল দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৯৫৬ সাল থেকে দেওয়া ব্যালন ডি’অরের ইতিহাসে কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার এই পুরস্কার পাননি।

এর আগে একজন গোলকিপার (লেভ ইয়াসিন) এবং তিনজন ডিফেন্ডার (ক্যানাভারো, বেকেনবাওয়ার ও ম্যাথিয়াস সামার) এই পুরস্কার পেলেও কোন ডিফেন্সিভ মিডফিল্ডার পাননি। তাই আজ রাতে প্যারিসে ব্যালন ডি'অর জিতলে ইতিহাস গড়বেন রদ্রি।

ব্যালন ডি'অর পুরস্কার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না রিয়াল মাদ্রিদের কোন খেলোয়াড়, কোচ। এমন খবর প্রকাশের পর অনেকের মতে রদ্রির হাতেই উঠতে যাচ্ছে এবারের ব্যালন ডি'অর। পুরস্কারের জন্য বিবেচিত সময়ে রদ্রি স্পেনের হয়ে ইউরো জিতেছেন, ম্যানসিটির হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাজ জেতেন। বিবেচিত সময়ে রদ্রি গোল করেছেন ১২টি, অ্যাসিস্ট করেছেন ১৩টি। 

ইউরো ২০২৪ এর সেরা খেলোয়াড় হন রদ্রি।

ব্যালন ডি'অর মিডফিল্ডার হিসেবে সবশেষ জিতেছেন লুকা মদ্রিচ (২০১৮ তে)।

রদ্রি জানেন, তার কাজ মাঠে নিজেকে আলোকিত করার চেয়ে অন্যদের সহায়তা করা। রদ্রি এর আগে বলেন, 'এটা স্বপ্নের মতো। কঠোর পরিশ্রম, ধারাবাহিকতা এবং কখনো না হার মানার ফলাফল। এখন মনে হচ্ছে মানুষ আমার কাজকে স্বীকৃতি দিচ্ছে, আমাকে ব্যালন ডি’অর জয়ের জন্য সমর্থন করছে।'

২০২৩ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে রদ্রির একমাত্র গোলটি সিটির ইতিহাসে মাইলফলক। এরপর তিনি চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ম্যাচসেরা, ২০২৩ নেশনস লিগ ফাইনালের সেরা খেলোয়াড় এবং ইউরো ২০২৪-এ স্পেনের শিরোপা জয়ে ভূমিকা রেখে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

ম্যানসিটির হয়ে ২০২৩-২৪ প্রিমিয়ার লিগ শিরোপাও জেতেন রদ্রি।

এর আগে কেবল একজন স্প্যানিশ হিসেবে ব্যালন ডি'অর জিতেছেন। তিনি, লুইস সুয়ারেজ (১৯৬০ সালে)।

রদ্রির ব্যালন ডি'অর জয় ডিফেন্সিভ মিডফিল্ডারদের জন্যও একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। সাধারণত, ব্যালন ডি’অরের মতো পুরস্কারগুলো ফরোয়ার্ড অর্থাৎ আক্রমণ ভাগের খেলোয়াড়দেরই প্রাধান্য দেখা যায়।

তবে রদ্রি তার খেলার কৌশল এবং অসাধারণ পারফরম্যান্স দিয়ে দেখিয়েছেন, কীভাবে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারও সমান গুরুত্বপূর্ণ হতে পারে।