কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন ড. এ এফ এম মতিউর রহমান। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত ১৭ অক্টোবরের প্রজ্ঞাপনমূলে ড. এ এফ এম মতিউর রহমান (সাবেক সচিব) গত ২০ অক্টোবর কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগ দেন। যোগদানের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য তাকে কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ড. এ এফ এম মতিউর রহমান ১৯৭৩ সালে সরকারি চাকরি শুরু করেন।
মাঠপর্যায়ে ময়মনসিংহ, রাজবাড়ী জেলার জেলা প্রশাসক, বিয়ানীবাজার, সিলেটের উপজেলা নির্বাহী অফিসারের মতো দায়িত্বশীল পদে চাকরি করেন। মতিউর দীর্ঘ ৪০ বছরের চাকরিজীবনে উপসচিব হিসেবে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য, যুগ্ম সচিব হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, অতিরিক্ত সচিব হিসেবে ভূমি আপিল বোর্ড এবং মহাপরিচালক হিসেবে যুব উন্নয়ন বিভাগ, বিআরডিবি, রেডিও বাংলাদেশে দক্ষতার সঙ্গে কাজ করেন।
এ ছাড়া তিনি গ্রামীণ দরিদ্র উন্নয়ন সংস্থার উপদেষ্টা, বাংলাদেশ আন্তর্জাতিক ব্যবসায়িক ফোরামের নির্বাহী পরিচালক, এলজিআরডির অধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, ইউএসএআইডি, প্রগতি, বিআইসিএফ-আইএফসির মতো প্রতিষ্ঠানে কাজ করেন। বিজ্ঞপ্তি