পুরস্কার প্রদানের আগেরদিন পর্যন্ত যেখানে ভিনিসিয়ুস জুনিয়র আলোচনায় এগিয়ে ছিলেন, সেখানে হুট করেই যেন বদলে যায় দৃশ্যপট। আসলে হুট করে কিছুই হয়নি, নিয়ম মেনেই সব হয়েছে। ২০২৪ সালের ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের রদ্রি। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভিনি।
ব্রাজিল তারকা ভিনির ক্লাব রিয়াল মাদ্রিদ এবারের ব্যালন ডি’অর বয়কট করেছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যালন ডি’অরের বিজয়ী নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ ভিনি হতাশা প্রকাশ করে লিখলেন, ‘আমার এটা (ব্যালন ডি’অর) জিততে হলে পরবর্তীতে এর চেয়ে ১০ গুন ভালো করতে হবে। তারা তো (আমাকে পুরস্কার দিতে) প্রস্তুতই নয়।’
উল্লেখ্য, গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৩টি ম্যাচ খেলেছেন রদ্রি। মিডফিল্ডার হয়েও গোল করেছেন ১২টি ও অ্যাসিস্ট ১৬টি। স্পেনের হয়ে জিতেছেন ইউরো। ওই মৌসুমে তার দখলে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ। পুরো মৌসুমজুড়ে অসাধারণ পারফরম্যান্স দিয়েই শর্টলিস্টে থাকা ২৯ তারকা ফুটবলারকে পিছনে ফেলে ৬৪ বছর পর স্পেনের কোনো পুরুষ ফুটবলার হিসেবে ব্যালন জিতলেন রদ্রি।
অন্যদিকে ভিনিসিয়ুস গত মৌসুমে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে একটিসহ আসরে তিনি করেন ৬ গোল। নির্বাচিত হন আসরের সেরা খেলোয়াড়। ২০২৩-২৪ মৌসুমে লা লিগায় তিনি করেন ১৫ গোল। এছাড়া স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে করেন হ্যাটট্রিক। তবে তার দল ব্রাজিল কোপা আমেরিকার শেষ আট থেকেই বিদায় নেয়।