চিরকুট লিখে এক রাতে ১৭ বৈদ্যুতিক মিটার চুরি

কুমিল্লার লালমাইয়ে অভিনব কায়দায় এক রাতে ১৭টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার হরিশ্চর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার গভীর রাতে হরিশ্চর এলাকার রিদম ফার্নিচার, বাগমারা বাজারে মালেক স-মিল, রহিম ফার্নিচার, অশ^তলার মাহমুদা ফার্নিচার, ভাই ভাই এসএস স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম গ্লাস হাউজ, সাইফুল স-মিলসহ বিভিন্ন স্থান থেকে ১৭টি মিটার চুরি হয়। এ ঘটনায় মালেক স-মিলের স্বত্বাধিকারী আবদুল মালেক বাদী হয়ে লালমাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগী মো. স্বপন বলেন, ‘লালমাই উপজেলার অস্থায়ী ভবনের পাশেই আমার ভাই ভাই এসএস স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম গ্লাস হাউজ থেকে রাতের আঁধারে বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিচে একটি কাগজে মোবাইল নম্বর লিখে রেখে গেছে তারা।

সকালে ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে ওপাশ থেকে মিটার পেতে ২০ হাজার টাকা লাগবে বলে জানায়। এ অবস্থায় প্রথমে দুই হাজার টাকা, পরে পাঁচ হাজার টাকা পর্যন্ত দিতে চাইলে কম হবে না বলে তারা সাফ জানিয়ে দেয়। নিরুপায় হয়ে আমরা পুলিশের দ্বারস্থ হলে থানা-পুলিশ আমাদের আশ^স্ত করে।’

ঘটনার বিষয়ে পল্লীবিদ্যুৎ বাগমারা জোনাল অফিসের ডিজিএম মো. হানিফ বলেন, ‘মিটার চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। তবে এখনো কোনো মিটার পাওয়া যায়নি। চুরি ঠেকাতে আমরা বিভিন্ন সময় গ্রাহকদের পরামর্শ দিচ্ছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই থানার ওসি মো. শাহ আলম বলেন, ‘বৈদ্যুতিক মিটার চুরির বিষয়টি উল্লেখ করে একজন ভুক্তভোগী ব্যবসায়ী থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’