ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আর মহেন্দ্র সিং ধোনি। দুজনের মাঝে সম্পর্ক খুব সুবিধার ছিল না। অধিনায়কত্ব পাওয়ার পর ফিটনেস এবং বয়সের কারণে যে যে ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন ধোনি, তার মধ্যে সৌরভও ছিলেন বলে শোনা যায়।
২০০৮ সালের নভেম্বরে শেষ টেস্ট খেলেছিলেন সৌরভ। অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুরের সেই টেস্টের পঞ্চম দিন সৌরভকে নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি। সম্প্রতি এক সাক্ষাতকারে ধোনি বলেছেন, সতীর্থের প্রতি সম্মান জানাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আচমকা চাপিয়ে দেওয়া নেতৃত্ব সৌরভ উপভোগ করেছিলেন কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির ভাষায়, ‘সে ভারতের অন্যতম সেরা অধিনায়কের একজন। তাকে বিদায় জানানোর এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারত? ক্যারিয়ারের শেষ দিন। টেস্ট ম্যাচ খেলতে নেমেছে। যদি কিছুক্ষণের জন্য দলকে নেতৃত্ব দিয়ে বিদায় নিতে পারে, তাহলে সেই সুযোগ দেব না কেন? ম্যাচের ফলাফল বদলে যাওয়ার সম্ভাবনা ছিল না। তাই এই সিদ্ধান্ত নিয়েছিলাম।’
নাগপুরে সেই ম্যাচটি ১৭২ রানের বিশাল ব্যবধানে জিতেছিল ভারত। সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে। তবে সৌরভকে নেতৃত্বভার তুলে দিয়েও টেনশনে ছিলেন ধোনি। কারণটা শুনুন তার মুখেই. ‘জানি না সে বিষয়টা উপভোগ করেছিল কিনা। কারণ হঠাৎ করে নেতৃত্ব চাপিয়ে দিয়েছিলাম। কোনো পরিকল্পনা ছিল না। আমি চেয়েছিলাম সৌরভ নেতৃত্ব দিক। কারণ তাকে বিদায় জানানোর সেটাই সেরা উপায় ছিল। হোক সেটা ১৫-২০ মিনিটের জন্য।’