মরিনহোর আকুতি- ‘আমাকে একটু শান্তিতে থাকতে দিন’

মহা ঝামেলায় আছেন হোসে মরিনহো। ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত ফেনারবাখের এই কোচকে ২০২৩ ইউরোপা লিগের ফাইনাল শেষে ৪ ম্যাচ নিষিদ্ধ করেছিল উয়েফা। তার বিরুদ্ধে রেফারির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ছিল। এবার তিনি অভিযোগ করলেন, উয়েফা অন্য কোচদের যে চোখে দেখে, তাকে সেই চোখে দেখে না।

গত সপ্তাহে ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে মরিনহো লাল কার্ড দেখেছেন। পেনাল্টির আবেদনে সাড়া না দেওয়ায় রেফারির সঙ্গে তর্ক করে তিনি এই সাজা পান। সব মিলিয়ে বেশ অশান্তিতেই আছেন চেলসিকে তিনবার প্রিমিয়ার লিগ ও ইন্টারকে দুবার সিরি আ জেতানো এই কোচ।

স্কাই স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনহো বলেছেন, ‘মনে হচ্ছে, ইউরোপে আমি সমস্যায় পড়েছি। একটি ফাইনাল আমি এমনভাবে হেরেছি, যা মেনে নিতে পারিনি, তার পর থেকেই এটা মনে হচ্ছে। আমি বিশেষ সুবিধা চাই না। যতটুকু স্বাভাবিক, ততটুকুই চাই। এর বেশি না। ভুল কিছু করে থাকলে শাস্তি বা জরিমানা হোক। কিন্তু ভুল না করে থাকলে শান্তিতে থাকতে দিন।’

খ্যাতিমান এই পর্তুগিজ কোচ আরও বলেছেন, ‘এটা কঠিন হয়ে উঠছে। বুদাপেস্টের ফাইনালের পর থেকেই এটা কঠিন হয়ে উঠছে। অন্যদের সঙ্গে যেমন (আচরণ) করা হয়, আমারও তেমন আচরণ প্রাপ্য। মাঠে লিওনেল মেসি কিংবা প্রথম ম্যাচ খেলতে নামা কারও জন্য নিয়ম একই। কোচদের জন্যও একই নিয়ম। আপনি কার্লো আনচেলত্তি নাকি তরুণ কোনো কোচ, সেটা ব্যাপার না। একজন অল্পবয়সী কোচ যেমন আচরণ করেন, আনচেলত্তিকেও একই আচরণ করতে হবে।’