‘ভুঁড়ি দিয়ে ফিটনেস মাপা যায় না’

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০১:১২ পিএম

ক্রিকেট ইতিহাসে ভুঁড়িওয়ালা ক্রিকেটার কম নেই। তবে কোনো ক্রিকেটারের ভুঁড়ি থাকলেই সে আনফিট- এমনটা মনে করেন না সুনিল গাভাস্কার। ফিটনেসের অভাবে ভারতের ক্রিকেটার পৃথ্বী শ সম্প্রতি মুম্বাইয়ের রঞ্জি দল থেকে বাদ পড়েছেন। এরপর থেকেই তার ভুঁড়ি নিয়ে শুরু হয়েছে ব্যাঙ্গ-বিদ্রূপ, যা পছন্দ করছেন না গাভাস্কার।

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দেওয়া রিপোর্টে মুম্বাইয়ের কোচ লিখেছেন, পৃথ্বীর শরীরের ৩৫ শতাংশের বেশি মেদ! পৃথ্বীর ফিটনেস নিয়ে তিনি সবচেয়ে অখুশি। তবে তার এই যুক্তি মানতে রাজি নন গাভাস্কার, ‘পৃথ্বীকে দল থেকে বাদ দেওয়ার নানা কারণ শোনা যাচ্ছে। আচরণ, মানসিকতা, শৃঙ্খলা অনেক কিছু শুনছি। এই অভিযোগগুলো ঠিক আছে। আশা করি, তাকে শুধু দেহের ওজনের জন্য বাদ দেওয়া হয়নি।’

ভারতের এই কিংবদন্তি ওপেনার আরও বলেছেন, ‘শুনছি তার শরীরে নাকি ৩৫ শতাংশের বেশি মেদ। আমরা বেঙ্গালুরু টেস্ট দেখেছি। সেই ম্যাচে খেলা সরফরাজ খানের শরীরের ওজন এবং আকৃতি নিয়েও নানারকম কথা শোনা যায়। সরফরাজ কিন্তু ১৫০ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছে। এর থেকেই প্রমাণ হয়- ভুঁড়ির মাপ এবং আকৃতি দিয়ে একজন ক্রিকেটারের ফিটনেস বিচার করা যায় না।’

গাভাস্কারের মতে, একজন ক্রিকেটার মাঠে কেমন পারফর্ম করছে সেটাই বিচার্য হওয়া উচিত, ‘একজন ক্রিকেটার ব্যাট হাতে একদিনে ১৫০ রানের ইনিংস খেললে বা ২০ ওভারের বেশি বল করলে আর কী বলার থাকে! একজন ক্রিকেটারকে বিচার করার এটাই একমাত্র মাপকাঠি হওয়া উচিত। যে ক্রিকেটারদের শরীর সম্পূর্ণ মেদহীন বা সামান্য মেদ আছে, তাদের কয়জন পৃথ্বীর মতো ৩৭৯ রানের ইনিংস খেলেছে? আমার কাছে এটাই ফিটনেস।’

উল্লেখ্য, পৃথ্বীর মতো সরফরাজও মুম্বাইয়ের হয়ে খেলেন। গত তিন মৌসুমে রঞ্জি ট্রফিতে চারটি সেঞ্চুরি করেছেন পৃথ্বী। রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ডও তার দখলে। ২০২২-২৩ মৌসুমে আসামের বিপক্ষে ৩৭৯ রানের ইনিংস খেলেছিলেন। সেই আসামের বিপক্ষে রঞ্জি ম্যাচের দল থেকেই তাকে বাদ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত