জুলাই-আগস্ট গণহত্যা মামলায় রাজধানীর মিরপুরের সাবেক ডিসি (পুলিশ সুপার) জসিম উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (৩০ অক্টোবর) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী। ফলে এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেপ্তার করে কাউকে ট্রাইব্যুনালের অধীনে গ্রেপ্তার দেখানো হলো।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গণহত্যার ঘটনায় দায়ের মামলার আসামি মিরপুরের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান জানিয়েছিলেন, জুলাই গণহত্যা মামলার আসামি মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. জসিম উদ্দিন মোল্লাকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।