পাপন মল্লিক নাদেলমুক্ত হলো বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১৪ জন পরিচালকের পদ শুন্য ঘোষণা করা হয়েছে। বুধবার বিসিবি পরিচালকদের ১৫তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই ১৪ জনের ভেতর ৩ জন পদত্যাগ করেছেন, বাকি ১১ জন পরিচালক পরপর ৩টি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় বিসিবি'র গঠনতন্ত্রের ১৫.২ ধারা মোতাবেক পদ হারিয়েছেন। একই সভায় আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ এর একাদশ সংস্করণ এর তারিখ ঘোষণা করা হয়েছে। ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল, ফাইনাল ৭ ফেব্রুয়ারি।

জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২৮ অক্টোবর বিসিবি বরাবর প্রেরিত একটি চিঠিতে গঠনতন্ত্রের ১৫.২ ধারা অনুযায়ী কতটি পদ শুন্য/ অবসান হয়েছে তা জানানোর জন্য এবং শুন্য পদ পূরণে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানানোর অনুরোধ করা হয়। একই সঙ্গে সঙ্গে চলতি মেয়াদে কোন কোন পরিচালক পরপর কতটি সভায় (তারিখ সহ) অনুপস্থিত আছেন/ ছিলেন তা জানাতে অনুরোধ করা হয়। ৩০ অক্টোবরের বোর্ড সভায় বিসিবি ১৪ জন পরিচালকের পদ শুন্য ঘোষণা  করে। এদের মধ্যে ৩ জন পরিচালক; নাঈমুর রহমান দূর্জয়, খালেদ মাহমুদ ও এনায়েত হোসেন সিরাজ পদত্যাগ করেছেন। বুধবারের বোর্ড সভায় তাদের পদত্যাগপত্র গৃহিত হয়। তিন বা তার বেশি বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে বিসিবি'র গঠনতন্ত্র অনুযায়ী পদ অবসায়ন করা হয়েছে ১১ জনের। তারা হচ্ছেন; নাজমুল হাসান, মনজুর কাদের, আ জ ম নাসির উদ্দিন,শেখ সোহেল, অ্যাডভোকেট আনওয়ারউল ইসলাম, শফিউল আলম চৌধুরি নাদেল, ইসমাঈল হায়দার মল্লিক, তানভীর আহমেদ টিটো, গাজী গোলাম মোর্তজা, ওবায়েদ রশীদ নিজাম ও নজীব আহমেদ। বরিশাল বিভাগ থেকে নির্বাচিত পরিচালক আলমগীর হোসেন আলো এই বছর ১৯ জুন মৃত্যুবরণ করেন, তার মৃত্যুর পর থেকে পদটি শুন্য ছিল। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২৫ সদস্যের পরিচালনা পরিষদে এখন ১৫টি পদ শুন্য।

নাজমুল আবেদীন ফাহিমকে আহবায়ক করে একটি সংবিধান সংস্কার কমিটি গঠন করা হয়েছে। এনএসসি থেকে বিসিবি'র গঠনতন্ত্র সংস্কারের ব্যপারেও একটি চিঠি দেয়া হয়েছিল, এর প্রেক্ষিতেই এই সংস্কার কমিটি গঠন করা হয়েছে।এই কমিটি বিসিবি'র বর্তমান গঠনতন্ত্র মূল্যায়ন, উন্নতির জায়গা এবং বিসিবি'র কৌশলগত লক্ষ্য ও ক্রমবিকাশমান চাহিদাগুলোর উপর ভিত্তি করে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করবে।
একই সভায় ঢাকা,চট্টগ্রাম ও সিলেট; এই তিন ভেন্যুতে আধুনিক এবং স্বয়ংসম্পূর্ণ জিমনেশিয়াম তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১১তম বিপিএল শুরু ও শেষের তারিখ চূড়ান্ত করা হয়েছে। ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল, ফাইনাল হবে ৭ ফেব্রুয়ারি। এই আসরের টিকেটিং পদ্ধতি সম্পূর্ণ ভাবে অনলাইনে করা সিদ্ধান্তও নেয়া হয়েছে।