পুতুলকে ছাড়া সরকার ডব্লিউএইচওর সঙ্গে কাজ করতে চায়

মানবাধিকারবিরোধী মামলার আসামি হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে চায় অন্তর্র্বর্তী সরকার। ইতিমধ্যে এ বিষয়ে সংস্থাটিকে চিঠি দেওয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটি চিঠি দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যেন বাংলাদেশ সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং যেন আঞ্চলিক পরিচালকের মাধ্যমে যোগাযোগ করতে না হয়।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যিনি আঞ্চলিক পরিচালক আছেন সায়মা ওয়াজেদ পুতুল, তিনি আমাদের জন্য ডিসফাংশনাল। তার বিরুদ্ধে ফৌজদারি ও আর্থিক অপরাধের অভিযোগে মামলা হয়েছে, এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে যে তার মাধ্যমে যেন যোগাযোগ করতে না হয় এবং বাংলাদেশ যেন সরাসরি যোগাযোগ করতে পারে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হয়েছে।’

এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে অপূর্ব জাহাঙ্গীর বলেন, যেহেতু পুতুল পতিত স্বৈরাচার সরকারের পরিবারের একজন সদস্য। তিনি এখন বাংলাদেশের কতটা সহায়তা করবেন সেটাও একটা প্রশ্ন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে অন্তর্র্বর্তী সরকার সরাসরি কাজ করতে চায় জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এখানে ইস্যুটা এথিক্যাল (নৈতিক)। তার বিরুদ্ধে আর্থিক অপরাধসহ বেশ কিছু অপরাধের অভিযোগ রয়েছে। এখানে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে তদন্ত চলছে। এ কারণে তো তার সঙ্গে কাজ করার প্রশ্নই আসে না। সে কারণেই আমরা বিশ^ স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে চাই। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী ব্যবস্থা নিচ্ছে, সেটাও আমাদের জানাতে বলেছি।

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটির বিষয়ে আগামী দুয়েকদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সার্চ কমিটির প্রধান হিসেবে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নাম মনোনীত করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামানও মনোনীত হয়েছেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, গণহত্যায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। ভারতের সঙ্গে আমাদের যে বন্দিবিনিময় চুক্তি রয়েছে তার মাধ্যমে এটা করা হবে।

সাম্প্রতিক সময়ে হত্যাসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়া নিয়ে নাগরিকদের উদ্বেগের বিষয়ে জানতে চাইলে উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বর্তমান সরকার শুরু থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে। দেশে যাতে কোনো ধরনের অপরাধ সংঘটিত না হয় সে ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে অপরাধগুলো সংঘটিত হয়েছে তা তদন্ত করে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। অপরাধী যেই হোন না কেন তাকে বিচারের মুখোমুখি করা হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সরকারের নির্দেশ দেওয়া আছে।   

বর্তমান সরকার কোনো ফ্যাসিস্টকে রাজনীতি করার সুযোগ দেবে না। তবে কোনো দলকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রেস উইংয়ের সদস্যরা।

গত বছরের নভেম্বরে সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সম্মেলনে পাঁচ বছরের জন্য তিনি এই পদে নির্বাচিত হয়েছিলেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ তার পরিবার ও দলের নেতাদের বিরুদ্ধে বহু মামলা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটিতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদকে আসামি করা হয়েছে।