স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দেড় শতাধিক ছাড়িয়েছে। ভারী বর্ষণে এখনও দেশটির পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া অঞ্চল বিপর্যস্ত অবস্থায় রয়েছে। উদ্ধারকারীরা জীবিতদের খুঁজে বের করতে কাজ করছেন।
শুক্রবার (১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্পেনে ভয়াবহ বন্যায় অন্তত ১৫৮ জন মারা গেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক হাজার ২০০ জনেরও বেশি উদ্ধারকর্মী ড্রোনের সাহায্যে উদ্ধার অভিযানে অংশ নিলেও বৃষ্টির কারণে তারা ব্যর্থ হয়েছেন।
দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে গিয়ে বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যতটা সম্ভব জীবন বাঁচানো।
স্পেনের ভ্যালেন্সিয়াতেই অন্তত ১৫৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এ ছাড়া পশ্চিমের কাস্টিলা-লা মাঞ্চায় আরও দুইজন এবং আন্দালুসিয়ায় একজন ব্রিটিশ নাগরিক মারা গেছেন।