কুমারখালীতে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশের ডাক

কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনালে আগামীকাল রবিবার সকাল ১০টায় বিএনপির দুপক্ষ পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছেন। দুপক্ষই চালিয়ে যাচ্ছেন অনুষ্ঠানের ব্যাপক প্রচার-প্রচারণা। তবে একই স্থানে একই সময়ে দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশে ব্যাপক সংঘর্ষ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে দুপক্ষের সংঘর্ষ এড়াতে আগামী রবিবার পৌর বাস টার্মিনাল এলাকায় সব ধরনের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে অন্তত চারটি গ্রুপে বিভক্ত হয়ে কার্যক্রম পরিচালনা চলছে। মনোনয়নপ্রত্যাশীরা হলেন সাবেক এমপি সৈয়দ মেহেদী রুমী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম মহম্মদ, কুমারখালী পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম আনছার প্রামাণিক ও ব্যবসায়ী শেখ সাদী।

রবিবারের সমাবেশের আয়োজকরা জানান, যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন সকাল ১০টায় পৌর বাস টার্মিনালে আলোচনা সভার আয়োজন করেছেন শেখ সাদীর সমর্থকরা। একই স্থানে একই সময়ে ঐক্য ও শান্তি সমাবেশের ডাক দিয়েছেন সাবেক এমপি মেহেদী রুমী সমর্থিতরা।

জানতে চাইলে কুমারখালী পৌর বিএনপির সাবেক সহসম্পাদক আব্দুস সামাদ খান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহতদের স্মরণে রবিবার বাস টার্মিনাল এলাকায় শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। কিন্তু অনুষ্ঠানে ব্যাঘাত ঘটাতে প্রতিপক্ষরাও পাল্টা সমাবেশের আয়োজন করছে। এতে ব্যাপক সংঘর্ষ হতে পারে। সেজন্য উপজেলা প্রশাসনের নির্দেশনায় অনুষ্ঠান বন্ধ করা হতে পারে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম বলেন, ‘সংঘর্ষ এড়াতে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে রবিবারের সব কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রয়োজন হলে সেখানে ১৪৪ ধারা জারি করা হবে।’